100. আল আদিয়াত - কোরআন
- 1. শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
- 2. অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
- 3. অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
- 4. ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
- 5. অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
- 6. নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
- 7. এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
- 8. এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
- 9. সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
- 10. এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
- 11. সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।