88. আল গাশিয়াহ - কোরআন
- 1. আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
- 2. অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
- 3. ক্লিষ্ট, ক্লান্ত।
- 4. তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
- 5. তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
- 6. কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
- 7. এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
- 8. অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
- 9. তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
- 10. তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
- 11. তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
- 12. তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
- 13. তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
- 14. এবং সংরক্ষিত পানপাত্র
- 15. এবং সারি সারি গালিচা
- 16. এবং বিস্তৃত বিছানো কার্পেট।
- 17. তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
- 18. এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
- 19. এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
- 20. এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
- 21. অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
- 22. আপনি তাদের শাসক নন,
- 23. কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
- 24. আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
- 25. নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
- 26. অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।