91. আল শামস - কোরআন
- 1. শপথ সূর্যের ও তার কিরণের,
- 2. শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
- 3. শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
- 4. শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
- 5. শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
- 6. শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
- 7. শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
- 8. অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
- 9. যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
- 10. এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
- 11. সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
- 12. যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
- 13. অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
- 14. অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
- 15. আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।