37. আল সাফফাত - কোরআন
- 1. শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
- 2. অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
- 3. অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের-
- 4. নিশ্চয় তোমাদের মাবুদ এক।
- 5. তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
- 6. নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
- 7. এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
- 8. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
- 9. ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
- 10. তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
- 11. আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
- 12. বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
- 13. যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
- 14. তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
- 15. এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
- 16. আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
- 17. আমাদের পিতৃপুরুষগণও কি?
- 18. বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
- 19. বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
- 20. এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
- 21. বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
- 22. একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
- 23. আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
- 24. এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
- 25. তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
- 26. বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
- 27. তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
- 28. বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
- 29. তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
- 30. এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
- 31. আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
- 32. আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
- 33. তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
- 34. অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
- 35. তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
- 36. এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
- 37. না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
- 38. তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
- 39. তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
- 40. তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
- 41. তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
- 42. ফল-মূল এবং তারা সম্মানিত।
- 43. নেয়ামতের উদ্যানসমূহ।
- 44. মুখোমুখি হয়ে আসনে আসীন।
- 45. তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
- 46. সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
- 47. তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
- 48. তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
- 49. যেন তারা সুরক্ষিত ডিম।
- 50. অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
- 51. তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
- 52. সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,
- 53. আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
- 54. আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?
- 55. অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
- 56. সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
- 57. আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
- 58. এখন আমাদের আর মৃত্যু হবে না।
- 59. আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
- 60. নিশ্চয় এই মহা সাফল্য।
- 61. এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
- 62. এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?
- 63. আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
- 64. এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
- 65. এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
- 66. কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
- 67. তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
- 68. অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
- 69. তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
- 70. অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
- 71. তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
- 72. আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
- 73. অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
- 74. তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
- 75. আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
- 76. আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
- 77. এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
- 78. আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
- 79. বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
- 80. আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
- 81. সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।
- 82. অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
- 83. আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
- 84. যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
- 85. যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
- 86. তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
- 87. বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
- 88. অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
- 89. এবং বললঃ আমি পীড়িত।
- 90. অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
- 91. অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
- 92. তোমাদের কি হল যে, কথা বলছ না?
- 93. অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
- 94. তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।
- 95. সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?
- 96. অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
- 97. তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
- 98. তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
- 99. সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
- 100. হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
- 101. সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
- 102. অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
- 103. যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
- 104. তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
- 105. তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
- 106. নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
- 107. আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
- 108. আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
- 109. ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
- 110. এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
- 111. সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
- 112. আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
- 113. তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
- 114. আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
- 115. তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
- 116. আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
- 117. আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
- 118. এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
- 119. আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
- 120. মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
- 121. এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
- 122. তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
- 123. নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
- 124. যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
- 125. তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
- 126. যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
- 127. অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
- 128. কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
- 129. আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
- 130. ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
- 131. এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
- 132. সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
- 133. নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
- 134. যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
- 135. কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
- 136. অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
- 137. তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
- 138. এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?
- 139. আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
- 140. যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
- 141. অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
- 142. অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
- 143. যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,
- 144. তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
- 145. অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
- 146. আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
- 147. এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
- 148. তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
- 149. এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।
- 150. না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
- 151. জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
- 152. আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
- 153. তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?
- 154. তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
- 155. তোমরা কি অনুধাবন কর না?
- 156. না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
- 157. তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
- 158. তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
- 159. তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
- 160. তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
- 161. অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
- 162. তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
- 163. শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
- 164. আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
- 165. এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
- 166. এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
- 167. তারা তো বলতঃ
- 168. যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
- 169. তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
- 170. বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
- 171. আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
- 172. অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
- 173. আর আমার বাহিনীই হয় বিজয়ী।
- 174. অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
- 175. এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
- 176. আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?
- 177. অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
- 178. আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
- 179. এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
- 180. পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
- 181. পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
- 182. সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।