90. আল বালাদ - কোরআন
- 1. আমি এই নগরীর শপথ করি
- 2. এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
- 3. শপথ জনকের ও যা জন্ম দেয়।
- 4. নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
- 5. সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?
- 6. সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
- 7. সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
- 8. আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
- 9. জিহবা ও ওষ্ঠদ্বয় ?
- 10. বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
- 11. অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
- 12. আপনি জানেন, সে ঘাঁটি কি?
- 13. তা হচ্ছে দাসমুক্তি
- 14. অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
- 15. এতীম আত্বীয়কে
- 16. অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
- 17. অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
- 18. তারাই সৌভাগ্যশালী।
- 19. আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
- 20. তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।