80. আবাসা - কোরআন
- 1. তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
- 2. কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
- 3. আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
- 4. অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
- 5. পরন্তু যে বেপরোয়া,
- 6. আপনি তার চিন্তায় মশগুল।
- 7. সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
- 8. যে আপনার কাছে দৌড়ে আসলো
- 9. এমতাবস্থায় যে, সে ভয় করে,
- 10. আপনি তাকে অবজ্ঞা করলেন।
- 11. কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
- 12. অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
- 13. এটা লিখিত আছে সম্মানিত,
- 14. উচ্চ পবিত্র পত্রসমূহে,
- 15. লিপিকারের হস্তে,
- 16. যারা মহৎ, পূত চরিত্র।
- 17. মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
- 18. তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
- 19. শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
- 20. অতঃপর তার পথ সহজ করেছেন,
- 21. অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
- 22. এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
- 23. সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
- 24. মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
- 25. আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
- 26. এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
- 27. অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
- 28. আঙ্গুর, শাক-সব্জি,
- 29. যয়তুন, খর্জূর,
- 30. ঘন উদ্যান,
- 31. ফল এবং ঘাস
- 32. তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
- 33. অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
- 34. সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
- 35. তার মাতা, তার পিতা,
- 36. তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
- 37. সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
- 38. অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
- 39. সহাস্য ও প্রফুল্ল।
- 40. এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
- 41. তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
- 42. তারাই কাফের পাপিষ্ঠের দল।