86. আল তারিক্ - কোরআন
- 1. শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
- 2. আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
- 3. সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
- 4. প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
- 5. অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
- 6. সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
- 7. এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
- 8. নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
- 9. যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
- 10. সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
- 11. শপথ চক্রশীল আকাশের
- 12. এবং বিদারনশীল পৃথিবীর
- 13. নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
- 14. এবং এটা উপহাস নয়।
- 15. তারা ভীষণ চক্রান্ত করে,
- 16. আর আমিও কৌশল করি।
- 17. অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।